২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন

কেরানীগঞ্জের চর গলগলিয়ার আবদুল্লাহপুরে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

কেরানীগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের চর গলগলিয়ার আবদুল্লাহপুরে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়াভিত্তিক মুতিয়ারা কনসোলিডেটেড এসএনবি বিএইচডি এবং বাংলাদেশের শিকদার গ্রুপের পাওয়ার প্যাক হোল্ডিংস যৌথভাবে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী রোববার সকালে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ তাকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে পৌঁছেই প্রধানমন্ত্রী এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় সংসদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ এবং শিদকার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাত দশমিক ১১ একর জমির ওপর এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ২০১০ সালের জুলাই মাসে পাওয়ার প্যাক মুতিয়ারার সঙ্গে চুক্তি করে সরকার। গত বছর মার্চে এই কেন্দ্র থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় চলতি বছর মার্চে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থাপিত ভাড়াভিত্তিক, কুইক রেন্টালসহ বিভিন্ন ধরনের কেন্দ্র থেকে আড়াই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বর্তমানে সরকারি হিসাবেই দেশে বিদ্যুতের দৈনিক সর্বোচ্চ চাহিদা সাড়ে সাত হাজার মেগাওয়াটের বেশি। তবে গ্যাস সঙ্কটের কারণে উৎপাদন তার চেয়ে এক হাজার মেগাওয়াট কম। তাই লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২৫৫ ঘ.