২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ১৬ কৃতী নাগরিককে সম্মাননা

শিক্ষা, মুক্তিযুদ্ধ, চলচ্চিত্রসহ নানা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের ১৬ কৃতী নাগরিককে সম্মাননা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা, মুক্তিযুদ্ধ, চলচ্চিত্রসহ নানা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের ১৬ কৃতী নাগরিককে সম্মাননা দেওয়া হয়েছে। চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘চট্টগ্রামের অহংকার’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- শিক্ষায় প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসায় ডা. রবিউল হোসেন, ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী, সঙ্গীতে আবদুল গফুর হালী, সমাজকল্যাণে সিটি মেয়র এম মনজুর আলম, চলচ্চিত্র ও নাটকে সারাহ বেগম কবরী, মুক্তিযুদ্ধে ডা. মাহফুজুর রহমান, শিল্প ও সাহিত্যে বেগম মুশতারী শফী, শিল্প ও ব্যবসায় আলী হুসেইন আবারালি, কর্মসংস্থানে সুফী মিজানুর রহমান, ক্রীড়াবিদ হিসেবে আকরাম খান, রপ্তানি বাণিজ্যে অধ্যাপক এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, পরিবেশ ও ভোক্তা অধিকারে মোহাম্মদ মুনীর চৌধুরী, সম্ভাবনাময় শিল্পখাতে ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, গবেষণায় অধ্যাপক মনজুরুল কিবরিয়া এবং ক্ষুদ্র শিল্পোদ্যক্তা হিসেবে কাজী সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন গ্রামীণফোন লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক অগ্রগতিতে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। চট্টগ্রাম এমন কিছু ক্ষণজন্মা মানুষের জন্ম দিয়েছে যারা মেধা ও শ্রমে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। তাদের সম্মান জানিয়ে আজ আমরাই সম্মানিত হলাম।” পরে তিনি ১৬ কৃতী নাগরিকের হাতে সম্মাননাপত্র তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২২৫০ ঘ.