বরিশাল, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সিদ্ধান্তে বরিশালে জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে।
রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেয়া হয়েছে বরিশাল বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীদের।
শনিবার বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির বরিশাল অঞ্চলের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সমিতির বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক আমির হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর একটি রেস্টুরেন্টে দীর্ঘদিন অকার্যকর থাকা সমিতির কার্যক্রম শুরু করা হয়েছে।
সরকারি সকল নিয়ম মেনে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য প্রতি লিটারে দুই পয়সা করে বেশি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এছাড়াও বিভিন্ন স্থানে জ্বালানি তেল ব্যবসায়ীরা ব্যাপক মুনাফা করলেও বরিশালের ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত শোচনীয়।
তাই ব্যবসা টিকিয়ে রাখতে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ২ পয়সা হিসেবে প্রতি ব্যারেল ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।
এরফলে ডিজেলের মূল্য ব্যারেল প্রতি ১১ হাজার ৯৫০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯৭০ টাকা, কেরোসিন ১২ হাজার ৮০ টাকা থেকে ১২ হাজার ১শ’ টাকা, পেট্রোল ১৭ হাজার ৭৩০টাকা থেকে ১৭ হাজার ৭৫০ টাকা এবং অকটেন ১৮ হাজার ৫শ’ টাকা থেকে ১৮ হাজার ৫২০ টাকা করা হয়।
সমিতির বরিশাল অঞ্চলের সভাপতি সেন্টু খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আমির হোসেন তালুকদার, রেজিন উল কবির, গোলাম মোস্তফা লিটন, বরিশাল ইউনিয়নের সভাপতি শেখ কামাল, ভোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ভোলা জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24