ঠাকুরগাঁও, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের ওপারে বিএসএফ’র মারধরে তিন বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
এরা হলেন বালিয়াডাঙ্গীর উপজেলার কাশিবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে রবিউল আওয়াল (২৪), মনসুর আলীর ছেলে সিরাজুল এবং মারফত আলীর ছেলে মাহামুদ (৩৫)।
শুক্রবার রাতে তাদের আটক করে বিএসএফ। রাতেই একজনকে সীমান্তে ফেলে যায়। শনিবার সকালে ফেলে যায় অপর দু’জনকে।
তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা এবং আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে এ তিন যুবক ভারত যান গরু আনতে। এ সময় তাদের বিএসএফ আটক করে পিটুনি দেয়।
প্রচণ্ড মারধরে মারা গেছে মনে করে মাহামুদকে তারা সীমান্তে ফেলে যায়।
অপর দুজনকে বিএসএফ ভারতীয় সীমান্ত ফাঁড়ি সোনামতি ক্যাম্পে নিয়ে প্রচণ্ড মারধর করে। শনিবার আেরে তাদেরও সীমান্তে ফেলে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোয়।
সিরাজুলের বাবা মনসুর আলী জানান, সিরাজুল ও রবিউলের দু-হাত ও কোমরে গুরুতর আঘাত হয়েছে। হাত ও পায়ের আঙুল থেঁতলে গেছে। এছাড়া সারা শরীর ফুলে গেছে।
বালিয়াডাঙ্গি থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.
bdnews24