বাগেরহাট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে সুন্দরবনের লবণ পানির একটি কুমিরছানা উদ্ধার করেছে বনরক্ষীরা।
শনিবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভোলা টহল ফাঁড়ি এলাকায় ঢালির ঘোপ গ্রামে এ অভিযানকালে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বনবিভাগ জানায়।
লেজসহ চল্লিশ ইঞ্চি লম্বা কুমির ছানাটি দুপুরে করমজল কুমির প্রজনন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত থেকে ভোলা ও সন্ন্যাসী টহল ফাঁড়ির বনকর্মীরা ওই এলাকায় অবস্থান নিয়েছিল।
কিন্তু পাচারকারী দলের কাউকে ধরা যায়নি। শনিবার সকালে একটি কাঁকড়া ধরার খাঁচায় কুমির ছানাটি পাওয়া যায়।
বনকর্মকর্তা বলেন, এই ঘটনায় বন আদালতে একটি মামলা হয়েছে। মামলায় সন্দেহভাজন শিকারি চক্রের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ বণ্যপ্রাণী পাচারকারী চক্র কুমিরটি পাচারের উদ্দেশ্যে এনে ওই ধানক্ষেতে লুকিয়ে রেখেছিল।
গত বছরের ২৩ সেপ্টেম্বর পুলিশ ও বন বিভাগ শরণখোলার উত্তর কদমতলা গ্রামের একটি বাড়ি থেকে লবণ পানির প্রজাতির চারটি ছোট কুমিরের চামড়া উদ্ধার করেছিল। এগুলোর দৈর্ঘ্য ছিল দুই ফুট পাঁচ ইঞ্চি থেকে তিন ফুট আট ইঞ্চির মধ্যে।
পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, ১৯৮৫ সালের বন বিভাগের এক জরিপ অনুযায়ী সুন্দরবনে লবণ পানির ছোট-বড় দুই শতাধিক কুমির ছিল। বর্তমানে এ সংখ্যা বেড়ে তিন থেকে চারশ’র মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৫ ঘ.
bdnews24