২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমায়েশি ফল, নতুন নির্বাচন চাই: ড্যাব

বিএমএ নির্বাচনের ফলকে ‘ফরমায়েশি’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনের ফলকে ‘ফরমায়েশি’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব। নির্বাচন পরিচালনা কমিটি শনিবার আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাচিপকে বিজয়ী ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- ড্যাব। এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধী দল সমর্থক চিকিৎসকরা। বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি নিয়েও আপত্তি জানিয়েছে তারা। তবে ড্যাবের মহাসচিব প্রার্থী এ জে এম জাহিদ হোসেন বলেন, ঘোষিত ফলাফলের বিষয়ে তারা কিছু জানেন না, তাদের কিছু জানানো হয়নি। “গতকাল নির্বাচন পরিচালনা কমিটি বলেছিল, তারা আজ বিকালে ফলাফল জানাবেন। এখন আপনাদের কাছে শুনছি, ফলাফল ঘোষণা হয়েছে। এটা ফরমায়েশি রেজাল্ট, তড়িঘড়ি করে এটা দেয়া হয়েছে।” শনিবার বিকালে ফল দেয়ার কথা থাকলেও সকালে কয়েকজন সাংবাদিককে ডেকে আকস্মিকভাবে ফল ঘোষণা করে বিএমএ নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির প্রধান আবদুর রহমান খান বলেন, “পূর্ণাঙ্গ ফলাফল আমাদের কাছে চলে আসায় ফল ঘোষণা করা হয়েছে।” ঘোষিত ফলাফলে দেখা যায়, ৪১ সদস্যের কার্যকরি পরিষদের প্রতিটিতেই জয়ী হয়েছে স্বাচিপের মাহমুদ হাসান-ইকবাল আর্সলান নেতৃত্বাধীন প্যানেল। হেরেছে ড্যাবের এ কে এম আজিজুল হক- জাহিদ হোসেন প্যানেল। নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে ড্যাব মহাসচিব জাহিদ বলেন, “যদি অবৈধ নির্বাচনের কোনো ফলাফল হয়, তা আমরা প্রত্যাখ্যান করছি। এভাবে অবৈধ নির্বাচনের ফলে যদি কোনো কমিটি হয়, তাও অবৈধ।” ‘অবৈধ’ কমিটির বিরুদ্ধে সারাদেশের চিকিৎসকদের নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন জাহিদ হোসেন। তিনি দাবি করেন, এই নির্বাচনে সরকার সমর্থকদের জয়ের জন্য দেশের প্রতিটি কেন্দ্রে প্রশাসন প্রভাব বিস্তার করেছে। এক্ষেত্রে ময়মনসিংহ, কুষ্টিয়া, চট্টগ্রামসহ কয়েকটি জেলার নজির তুলে ধরেন তিনি। ভোটারের চেয়ে ব্যালট বাক্সে ব্যালট পেপার বেশি পাওয়াকেও ‘কারচুপির’ পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন তিনি। ভোট গণনা চলার সময় বৃহস্পতিবার রাতে কারচুপির অভিযোগ এনে ডা. জাহিদ সাংবাদিকদের বলেছিলেন, “এখানে ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে।” একটি কেন্দ্রে ব্যালট বাক্সে মোট ভোটের চেয়ে ৩০১টি ব্যালট পেপার বেশি পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, “আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। নতুন করে নির্বাচন দিতে হবে।” তবে ড্যাবের অভিযোগ প্রত্যাখ্যান করে নির্বাচন কমিটির সভাপতি আবদুর রহমান খান শনিবার বলেন, “যথাযথভাবেই নির্বাচন হয়েছে। কোনো শাখা থেকে লিখিত ভাবে বা ফোনে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের কাছ থেকে যেসব অভিযোগ পেয়েছি তার সমাধান করা হয়েছে।” “ব্যালট পেপার বেশি পাওয়ার ঘটনাটি টেকনিক্যাল এরর। এটা পুরো নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৪২০ ঘ.