ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এক শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, সহাবস্থান ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইন্দর কুমার গুজরাল ছিলেন প্রধান প্রবক্তা। তার প্রয়াণে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতা দেখা দেবে।
শুক্রবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই শোকবার্তায় খালেদা জিয়া আই কে গুজরালের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত গুজরালকে দক্ষিণ এশিয়ার একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন বিএনপি চেয়ারপারসন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ভারতের রাজধানী নয়া দিল্লির নিকটবর্তী গুরগাঁও শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আই কে গুজরাল।
গুজরাল ছিলেন ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী। ১৯৯৭ সালের এপ্রিল থেকে পরের বছর মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.
bdnews24