কুমিল্লা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় ট্রাক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় দুটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে থাকা পাওয়ার টিলার সড়কে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উভয় ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিকাল ৩টায় দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি রেকার এবং ময়নামতি হাইওয়ে থানার একটি রেকার দিয়ে ট্্রাক দুটিকে সরিয়ে নিলে সকাল থেকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাসের চালক আবু সাইদ বলেন, ভোর ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু যানজটের কারণে পৌঁছতে বিকাল হয়ে যাবে।
বাসযাত্রী ঢাকার ধানমন্ডির বাসিন্দা শামসুন্নাহার লতা বলেন, যানজটে আটকা পড়ে তিন বছরের শিশু নিয়ে তিনিসহ অনেক মহিলাই খাবার ও শৌচাগারের সমস্যায় পড়েছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাছান বলেন, ছুটির দিনে মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল, আগের রাতে ট্রাক বিকল, ট্রাক উল্টে যাওয়া এবং এর সঙ্গে দুর্ঘটনা যোগ হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৭ ঘ.
bdnews24