বরিশাল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘কবি জীবনানন্দ মেলা’।
বরিশাল কবিতা পরিষদের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল ও বগুড়া রোডে জীবনানন্দ মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়েছে।
প্রথম দিন শুক্রবার সকাল ৯টায় জীবনানন্দ মিলনায়তনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেয়ার মধ্যদিয়ে মেলার কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় শোভাযাত্রার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক মিহির সেনগুপ্ত। একইস্থানে সকাল ১১টায় লেখক আড্ডা, কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় কবি আসাদ চৌধুরী ও সিরাজউদ্দিন আহম্মেদকে সংবর্ধনা দেয়া হবে।
শনিবার মেলার দ্বিতীয় দিনে প্রদর্শন করা হবে জীবনানন্দ বিষয়ক তথ্যচিত্র। ওইদিন প্রকাশক সিকদার আবুল বাশার ও মো. জসিম উদ্দিনকে সংবর্ধনা দেয়া হবে।
শেষ দিন রোববার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। এ ছাড়া ওই তিনদিন নগরীর অশ্বিনী কুমার টাউন হলে থাকবে বইমেলার আয়োজন।
১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/২০২১ ঘ.
bdnews24