চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকাবাসী দাবি জানালেও লাশ খুঁজতে বহদ্দারহাট ফ্লাইওভারের পাশের পুকুরের পানি সেচা হচ্ছে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ খুঁজতে বহদ্দার বাড়ি পুকুরটি সেচার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।
তিনি বলেন, “পানি পরিবর্তনের জন্য শুষ্ক মৌসুমে পুকুরটি সেচা হবে বলে পুকুরের মালিক পক্ষ আমাদের জানিয়েছে।”
গার্ডার ভেঙে পড়ার পর স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দারবাড়ি পুকুরে পড়া গার্ডারের অংশ সরিয়ে লাশ খোঁজার দাবি জানানো হয়।
মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসন বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন।
তদন্ত রিপোর্ট জমা হয়নি
এদিকে বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।
ঘটনার পরদিন রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
কমিটি গঠনের পরদিন সোমবার কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিবরণ শোনেন।
এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরি হয়নি জানিয়ে জেলা প্রশাসক বলেন, “তদন্ত রিপোর্ট প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে।”
দ্রুত সময়ের মধ্যে এ প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এএল/২১২৮ ঘ.
bdnews24