২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিসির জন্য দুটি জাহাজ বানাচ্ছে ওয়েস্টার্ন মেরিন

আগামী আগস্টে নির্মাণ কাজ শেষ হলে যাত্রীবাহী জাহাজগুলো বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে ঢাকা-বরিশাল পথে চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য দুটি যাত্রীবাহী জাহাজ তৈরি করছে নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটির নির্মাণ কাজের উদ্বোধন করে নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, ব্রিটিশ আমলের তৈরী ৮০ বছরের পুরনো নৌযান দিয়ে বিআইডব্লিউটিস দেশে যাত্রী পরিবহণ করছে। বর্তমান সরকারের আন্তরিকতায় বিআইডব্লিউটিসির নিজস্ব অর্থায়নে ৭৫০ যাত্রীবাহী দুটি জাহাজ নির্মাণ করা হচ্ছে। বিআইডব্লিউটিসি ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়, সাড়ে ৭৫ মিটার দীর্ঘ জাহাজদুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা। এগুলোর গতি হবে ১২ নটিক্যাল মাইল। জাহাজগুলো বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে ঢাকা-বরিশাল পথে চলবে। ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড আগামী বছরের আগস্টের মধ্যে জাহাজ দু’টির নির্মাণ কাজ শেষ করবে বলে জানান মন্ত্রী। শাহজাহান খান বলেন, “নদীমাতৃক আমাদের এ দেশ থেকে নদী পথ হারিয়ে গেছে। দেশের ২৪ হাজার কিলোমিটার নৌ পথের মধ্যে ২০ হাজার ৪০০ কিলোমিটার নৌ পথই হারিয়ে গেছে। মাত্র তিন হাজার ৬০০ কিলোমিটার পথ দিয়ে দেশের অভ্যন্তরে নৌযান চলাচল করছে।” তিনি জানান, “বর্তমান সরকার ১১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে ৫৩ টি নদী খননের বিষয়টি হাতে নিয়েছে। এর মধ্যে ১৩ টি নদী খননের কাজ শুরু হয়েছে। শিগগিরই আরও ২৪ টি নদীর খননের কাজ শুরু হবে।” দেশের সড়ক পথের করুণ দশা তুলে ধরে শাহজাহান খান বলেন, “মানুষ সড়কে যাতায়াতে বিরম্ভনা শিকার হচ্ছে। বিআইডব্লিউটিসি জনগনের যাতায়াতে এই দুইটি জাহাজ নির্মাণ শেষে আরও যাত্রীবাহী জাহাজ নির্মাণ করাবে।” তিনি জানান, সরকার মংলা বন্দরকে বর্তমানে লাভজনক করেছে। পটুয়াখালীতে দেশের তিন নম্বর নৌবন্দর করতে আগামি ৭ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে পরিদর্শনে যাওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখান নৌ পরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৪৩৬ ঘ.