২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যুর অভিযোগ

দিনাজপুরে জুয়া খেলার সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

দিনাজপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে জুয়া খেলার সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় শহরের লাগবাগ গোরস্থানের পাশে পুনর্ভবা নদীতে ডুবে মিলি (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়। এ সময় নুরুজ্জামান নামে আরো এক যুবক নিখোঁজ হন। তবে ধাওয়া করার অভিযোগ অস্বীকার করেছে ডিবি পুলিশ। মিলি শহরের বাহাদুর বাজার এলাকার মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে। তিনি এলাকায় মাঝে মাঝে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মজিদুল হক ও মুদি দোকানী ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাগবাগ গোরস্থানের পাশে পুনর্ভবা নদীর বাঁধের উপর একদল লোক জুয়া খেলছিল। ডিবি পুলিশের একটি দল তাদের আটকের চেষ্টা করে। এ সময় কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। অন্যরা সাঁতরে পালিয়ে গেলেও মিলি পানিতে ডুবে মারা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে জায়গাটিতে যুবকরা লাফিয়ে পড়ে সেখানে বেশ কিছু জায়গা জুড়ে মাছ ধরার জন্য বাঁশের খুঁটি ও কঞ্চি পোতা রয়েছে। ধারণা করা হচ্ছে, এতে আঘাতপ্রাপ্ত হয়ে মিলি ডুবে মারা যায়। মিলির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় নুরুজ্জামান নামে আরো এক যুবক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য রংপুরে দমকল বাহিনীকে খবর দেয়া হয়েছে। সেখান থেকে ডুবুরি রওয়ানা হয়েছেন। তবে ডিবি পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান ওসি। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবির অভিযানের বিষয়টি তার জানা নেই। তবে এ ধরনের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৩ ঘ.