নারায়ণগঞ্জ, নভেম্বর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড়ে একটি সাবান কারখানা আগুনে পুড়েছে।
বুধবার রাতে এই অগ্নিকাণ্ডে রহিম মার্কেটের ‘৩২ বল সাবান’ কারখানার যন্ত্রপাতিসহ আসবাবপত্র পুড়ে যায় বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রথমে একটি করাত কলে আগুনের তথ্য জানানো হয়েছিল। তবে পরে ডেমরা ফায়ার স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানান যায়, এটি সাবান কারখানা।
রাত ৯টার দিকে লাগা আগুন ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে স্টেশন মাস্টার মো. শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আগুনে একটি রংয়ের কারখানাসহ আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে শাহজাহান বলেন, এর পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪০ ঘ.
bdnews24