২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী কাগজ কলে অনিয়মে উষ্মা তোফায়েলের

কর্ণফুলী কাগজ কলে নতুন ব্লিচিং প্ল্যান্টটি স্থাপন ঠিকমতো না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী কাগজ কলে নতুন ব্লিচিং প্ল্যান্টটি স্থাপন ঠিকমতো না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এজন্য শিল্প মন্ত্রণালয়ের কাছে কৈফিয়তও চাওয়া হয়েছে। কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেছেন, “এই প্ল্যান্টটি কোনোদিনই চালু হবে না। সরকারের দুইশ’ কোটি টাকা গচ্চা গেল। এ বিষয়ে মন্ত্রণালয়ের আরো যতœবান হওয়া উচিত ছিল।” কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বিষয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। কর্ণফুলী পেপার মিলের ব্লিচিং প্ল্যান্ট নিয়ে ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক করে উপ-কমিটি গঠন করা হয়। গত ২২ সেপ্টেম্বর সংসদীয় কমিটির বৈঠকে প্রতিবেদন জমা দেয় উপ-কমিটি। উপ-কমিটির প্রতিবেদনে বলা হয়, ব্লিচিং প্ল্যান্টের অধিকাংশ যন্ত্র পরীক্ষামূলক ব্যবহারের সময়ই নষ্ট হয়ে গেছে। এ প্রকল্পের জন্য নির্ধারিত নকশাও যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে পরিবর্তন করা হয়েছে। উপকমিটি এ প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রায় দুইশ’ কোটি টাকা অপচয়ের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। এ অনিয়ম তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেয়ার সুপারিশও করেছে কমিটি। কর্ণফুলী কাগজ কলে ব্লিচিং প্ল্যান্টটি নির্মাণের কাজ করেছে মারুবিনি করপোরেশন। সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল ব্লিচিং প্ল্যান্ট সম্পর্কে বলেন, “কাজটি অত্যন্ত খারাপ হয়েছে। এটা হস্তান্তরের আগে অনবরত সাত দিন চালাতে হবে। কিন্তু, তারা তা পারেনি।” সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়েও আলোচনা হয়। তোফায়েল বলেন, “আমাদের ৬ লাখ ৮ হাজার মেট্রিক টন সার আছে। গত চার বছরের মতো এবারো আমাদের সারের সমস্যা হবে না।” ‘সুইস সিঙ্গাপুর’ নামের কোম্পানি থেকে সার আমদানির ক্ষেত্রে দরপত্রের শর্ত লঙ্ঘন হয়েছে বলে মনে করেন সংসদীয় কমিটির সভাপতি। বিশেষজ্ঞরা এই সারকে ব্যবহারযোগ্য বলে জানালেও এর কর্মক্ষমতা অন্যান্য সারের তুলনায় অর্ধেক হবে বলে মনে করেন। তোফায়েল বলেন, “গত নভেম্বরে এই সার এসেছিল। সার গুদামে ছিল। এরই মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ সার পাথর হয়ে গেছে।” আমদানি করা এই সারের ২৫ হাজার মেট্রিক টন মংলায় এবং ২৫ হাজার টন চট্টগ্রামে রাখা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “আমরা বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। অনিয়ম হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি এর দায়িত্ব নিতে পারে না। এর দায়িত্ব নিতে হবে মন্ত্রণালয়কে।” বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, জাহিদ মালেক স্বপন, আলী আশরাফ টগর, মেরাজ উদ্দিন মোল্লা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৪৫ ঘ.