গাজীপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোধে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছে পোল্ট্রি খামারীরা।
বুধবার সকালে গাজীপুর শহরের পৌর বঙ্গতাজ মিলনায়তে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করেন।
টিকার মূল্য বৃদ্ধি, খামারীদের রেজিস্ট্রেশন ফি ধার্য করা, খামরীদের প্রণোদনা না দেওয়া, ভারত থেকে ডিম আমদানি করা, ছোট খামার না রাখার সরকারি প্রক্রিয়ার প্রতিবাদে গাজীপুরের কয়েকশ’ পোল্ট্রি খামারী এ অনুষ্ঠান বর্জন করে।
বাংলাদেশ পোল্টি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহ্সীন জানান, টিকার দাম স্বাভাবিকের চেয়ে তিন গুন বেশি নির্ধরাণ করা হয়েছে।
“হঠাৎ করেই পোল্ট্রি খামরীদের রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এভাবে ফি ধার্য করার রীতি পৃথিবীর কোথাও নেই। এছাড়া, ভারত থেকে অবাধ ডিম আমদানির সার্কুলার প্রত্যাহার করতে হবে।”
খামার তৈরির যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফের সুবিধা ব্রিডার ছাড়া ডিম ও ব্রয়লার মাংস উৎপাদন খামারীরা পাচ্ছে না।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, পোল্ট্রি শিল্পের অশনি সংকেত হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এজন্য সরকার বিভিন্ন কার্যক্রমও হাতে নিয়েছে।
এ রোগ নির্মূলে বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
প্রাথমিক পর্যায়ে গাজীপুরের সকল উপজেলা এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এ টিকা প্রদান করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৫ ঘ.
bdnews24