ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনা ‘সরকারের জন্য বিব্রতকর’ বলে মন্তব্য করেছেনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সেই সঙ্গে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনাতেও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করেন তিনি।
বুধবার শাহবাগের সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনাসভায় সুরঞ্জিত বলেন, “চট্টগ্রামের ফ্লাইওভার দুর্ঘটনা সত্যিই সরকারের জন্য বিব্রতকর এবং যোগাযোগ মন্ত্রাণালয়ের জন্য লজ্জাকর ঘটনা। আশুলিয়ার ঘটনাতে সরকার দায়ী না হলেও আন্তর্জাতিকভাবে খবরটি ছড়িয়ে পড়ায় অনেক ক্ষতি হয়ে যাবে।”
শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হন। একই দিনে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে তিনটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে ১৩ জনের প্রাণহানি ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তিনি বলেন, “এখন সময় এসেছে এসব ঘটনা রোখার, দেশপ্রেমিক রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ও সাংবিধনিক ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হতে হবে।
ঢাকার প্রথম মেয়র মো. হানিফেরর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ এই আলোচনা সভার আয়োজন করে।
বিরোধী দলের সংসদে যোগ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে সুরঞ্জিত সেন বলেন, “পার্লামেন্টকে জিম্মি করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। সংসদে এসেই কথা বলতে হবে।”
মেয়র হানিফের স্মৃতি চারণ করে তিনি বলেন, হানিফ দেশের স্বার্থে ও দেশের সেবায় ছিলেন এক নিয়োজিত প্রাণ।
আলোচনা সভায় অন্যদের মধ্য্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গোলাম কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬৩৯ ঘ.
bdnews24