চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার সাক্ষী মবিন হোসেন খানকে বুধবার দিনভর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
চট্টগ্রাম মহানগর হাকিম ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ জেরা চলে।
জেরা অসমাপ্ত রেখে বিচারক আগামী ৭ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন। ওইদিন তাকে পুনরায় জেরা করা হবে।
মঙ্গলবার একই আদালতে সাক্ষী দিয়েছিলেন সিইউএফএল এর তৎকালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান।
আদালতে দেওয়া সাক্ষ্যে গত মঙ্গলবার মবিন হোসেন খান বলেন, “দশ ট্রাক অস্ত্র আনার বিষয়টি সিইউএফএল তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক কে এম এনামুল হক আগে থেকেই জানতেন।”
তিনি জানান, আর অস্ত্র নামানোর ঘটনা তদারক করতে সেই রাতে সিইউএফএলের বিশ্রামাগারে অবস্থান করছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমীন।
শুরুতেই এ মামলার পলাতক আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীনের পক্ষে জেরা করে রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী বিশ্বজিত দাশ।
তিনি জানতে চান, ‘শিল্প সচিবের সঙ্গে ঘটনার রাতে ও পরদিন সকালে আপনার কোনো কথাবার্তা হয়নি।’
উত্তরে মবিন হোসেন বলেন, “কথা হয়েছিল।”
সাক্ষ্যে মবিন হোসেন বলেন, “নুরুল আমীন একাই চট্টগ্রাম এসেছিলেন এবং একা সিইউএফএল এলাকা ছেড়ে যান।”
এবিষয়ে আইনজীবী প্রশ্ন করেন, ‘নুরুল আমীন সপরিবারে চট্টগ্রাম এসেছিলেন ও চট্টগ্রাম ছেড়ে যান।’
উত্তরে মবিন হোসেন বলেন, “সত্য নয়।”
পরবর্তীতে সিইউএফএল এর সাবেক এমডি মোহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভুঁইয়া সাক্ষীকে জেরা করেন।
জেরায় আইনজীবী সিইউএফএলের নিরাপত্তা ব্যবস্থা, রপ্তানি (এক্সপোর্টিং) জেটি ও স্থানীয় জেটিঘাট সম্পর্কে নানা প্রশ্ন করেন।
জেরার জবাবে মবিন হোসেন খান বলেন, সিইউএফএলের নিরাপত্তায় ১৩০ জন আনসার সদস্য, ৭০ জন নিজস্ব নিরাপত্তা রক্ষী, একজন সহকারী নিরাপত্তা কর্মকর্তা ও একজন নিরাপত্তা কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন।
জেরা শুরুর আগে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৫৪ ঘ.
bdnews24