নারায়ণগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সুতা ব্যবসায়ী ভিকচাঁন মিয়া হত্যা মামলায় যাবজ্জীবন দ-প্রাপ্ত জাকির হোসেনের নামের সঙ্গে মিল আছে এমন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের বড় বিনাইর চরের বাসিন্দা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়া জাকির ওই হত্যা মামলায় ‘সাজাপ্রাপ্ত প্রকৃত ‘জাকির’ কি না সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।
কারণ, যে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে তার বাবার নাম মো. নায়েব আলী আর বাড়ি বিনাইরচর। অপরদিকে মামলার অভিযোগপত্র অনুযায়ী সাজাপ্রাপ্ত জাকির হোসেনের বাবার নাম শামসুদ্দিন, তার বাড়ি একই ইউনিয়নের বেপারীপাড়ায়।
যদিও বেপাড়িপাড়ায় বা সেখানকার ভোটার তালিকায় শামসুদ্দিনের ছেলে জাকির হোসেন নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই বলে জানান আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম।
তিনি জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত জাকিরকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এলাকার লোকজনও গ্রেপ্তারকৃত জাকিরকে সাজাপ্রাপ্ত বলে মনে করছেন।
নামে মিল, তাই জেল খাটেন নিরপরাধ অটোরিকশা চালক
এদিকে শুধু নিজের নাম ও এলাকার নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত জাকির হোসেনের বদলে গত পাঁচ বছর জেল খেটেছেন একই ইউনিয়নের বেপারীপাড়ার শামসুল হকের ছেলে অটোরিকশা চালক জাকির হোসেন। তিনি ২০০৭ সাল থেকে গাজীপুরের কাশিমপুরের কারাগারে আটক ছিলেন।
বিষয়টি নিয়ে দেশ-বিদেশের পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে গত ৭ অগাস্ট হাই কোর্টের নির্দেশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও আড়াইহাজার থানার ওসি তদন্ত করে দেখতে পান জেলে আটক জাকির আসল খুনী নন।
বিষয়টি হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে জানান তারা।
আদালত শুনানি শেষে গত ১৪ অগাস্ট কোর্ট প্রাঙ্গণ থেকেই জাকিরকে বেকসুর খালাস দেয় এবং মামলার দুই তদন্ত কর্মকর্তাকে ২০ লাখ টাকা জরিমানা করে। জরিমানার অর্থ ছয় মাসের মধ্যে অটোরিকশা চালক নিরপরাধ জাকিরকে দেয়ারও নির্দেশ দেয় আদালত।
ব্যবসায়ী ভিকচাঁন মিয়া হত্যাকাণ্ড
১৯৯১ সালে ১১ নভেম্বর ভূলতা সড়কের কাতরা ব্রিজ এলাকায় ব্যবসায়ী ভিকচাঁন মিয়া খুন হন। ওই ঘটনায় নিহতের ছেলে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। থানার তৎকালীন ওসি এম রাজ্জাক এবং উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম মামলাটি তদন্ত করেন।
১৯৯২ সালের ১০ মে বেপারীপাড়া এলাকার শাসমুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। খুনের দায়ে আদালত পলাতক জাকিরকে যাবজ্জীবন কারাদ- দেয়।
কিন্তু পুলিশ আসল খুনিকে না পেয়ে, বাবার নামের সঙ্গে মিল না থাকা সত্বেও ২০০৭ সালে বেপারীপাড়ার শামসুল হকের ছেলে জাকিরকে গ্রেপ্তার করে জেলে পাঠায়।
ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিরপরাধ জাকির জেল থেকে মুক্ত হওয়ার পর থেকেই গ্রেপ্তারকৃত জাকির পলাতক ছিলেন। ব্যবসায়ী খুনের পরও তিনি এলাকায় ছিলেন না। এ কারণে এলাকার লোকজনের সন্দেহ গ্রেপ্তারকৃত জাকির ‘আসল খুনি’ হতে পারে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০৬ ঘ.
bdnews24