২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারের পাশের পুকুরে লাশ খোঁজার দাবি

চট্টগ্রামে ভেঙে পড়া ফ্লাইওভারের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে স্থানীয়রা পাশের পুকরেও অভিযান চালানোর দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ভেঙে পড়া ফ্লাইওভারের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে স্থানীয়রা পাশের পুকরেও অভিযান চালানোর দাবি জানিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। মঙ্গলবার বিকালে দুর্ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসক বলেন, কারো পক্ষ থেকে তাদের স্বজন নিখোঁজ থাকার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “পুকুরের পানি সেচা হলে স্থানীয় ৩০ থেকে ৪০ হাজার মানুষের পানি সংকট দেখা দিবে। এলাকায় কোনো আগুনের সূত্রপাত হলে তা নেভাতে সংকট দেখা দেবে। এছাড়া পানি সেচতে গিয়ে জলাবদ্ধতাও দেখা দিতে পারে।” এ সব বিষয় বিবেচনা রেখে জনগণের সঙ্গে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জেলা প্রশাসনকে জানালে বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তবে পুকুরে ডুবুরি, ফায়ার সার্ভিসের কর্মী, নৌ ও সেনাবাহিনীর সদস্যরা সার্চ মেশিনের মাধ্যমে অনুসন্ধান করায় এখানে আর কোনো মৃতদেহ থাকার আশঙ্কা নেই বলেই ধারণা করা হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিসের হিসেবে গত শনিবার ফ্লাইওভারের গার্ডার ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। এদিকে ফ্লাইওভারের আশপাশে বন্ধ হওয়া বিভিন্ন রাস্তা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়ার বিষয়ে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, একটি যৌক্তিক প্রতিবেদনের ভিত্তিতে কোনো নিরাপদ জায়গা দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে। এর পূর্ব পর্যন্ত ফ্লাইওভারের নিচ ও আশপাশের চলাচলের রাস্তা বন্ধ থাকবে। বৈঠকে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক দানু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, উপ পুলিশ কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ, চান্দগাঁও থানার ওসি বাবুল বণিক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাছান লিটন, পুকুরের মালিক আবু মুছা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএএইচ/এএল/২২০৪ ঘ.