পাবনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলায় জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষে আহত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত বিপ্লব হোসেন (১৪) মধুপুর পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলাম উজ্জ্বলের ছেলে এবং মধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সোমবার সন্ধ্যায় গ্রামে দুপক্ষের সংঘর্ষে সে আহত হয়। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
সুজানগর থানার ওসি সৈয়দ শহীদ আলম সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় ক্ষেতে সেচ দেয়া নিয়ে বিপ্লবের সঙ্গে তার চাচা সুলতান মাস্টার ও চাচাতো ভাইদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে বিপ্লব ও তার আরেক চাচা ওহাব শেখ আহত হয়।
বিপ্লবের বাবা নজরুল ইসলাম উজ্জ্বল সুজানগর থানায় মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৪ ঘ.
bdnews24