চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় সমাবর্তন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার চুয়েটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি ও চুয়েটের আাচার্য মো. জিল্লুর রহমানের মননোনয়নে সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশল শিক্ষাবিদ প্রফেসর জামিলুর রেজা চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দ্বিতীয় সমাবর্তন-২০১২ এর তথ্য ও প্রচার উপ-কমিটির সভাপতি অধ্যাপক বদিউস সালাম। এ সময় চুয়েট উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সমাবর্তনে পূরকৌশল বিভাগের ৫১৫ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ৪৬৬ জন, যন্ত্রকৌশল বিভাগের ৪৯৯ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৮ জনকে ডিগ্রি প্রদান করা হবে।
এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এম.ফিল-এ পাঁচজন এবং আরো পাঁচজনকে এমএসসি ডিগ্রি দেয়া হবে।
সমাবর্তনে চুয়েটের চার শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে চুয়েট উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, চুয়েট বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা-গবেষণার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উচ্চ শিক্ষা ও গবেষণার উৎকর্ষতার কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯০৪ ঘ.
bdnews24