ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
একইসঙ্গে এসব জেলার মধ্যে সাত জেলার ডিসিদের প্রত্যাহার করে বদলি করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পদে।
নতুন করে জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়া উপসচিবদের মধ্যে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজী আনোয়ারুল হককে গাইবান্ধা, সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব মনিন্দ্র কিশোর মজুমদারকে হবিগঞ্জ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব শাখাওয়াত হোসেনকে ঝালকাঠি, নজরুল ইনস্টিটিউটের সচিব মঈনুদ্দিন আহমেদকে রাজবাড়ী, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক শুকুর আলীকে বাগেরহাট, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে মৌলভীবাজার, চট্টগ্রাম আরপিএটিসি’র উপ-পরিচালক মো. ইয়াসিনকে জয়পুরহাট, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল হাসান বাদলকে মুন্সিগঞ্জ, সংসদ উপনেতার একান্ত সচিব হাসানুজ্জামান কল্লোলকে ফরিদপুর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এনামুল হককে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল হাসান বাদলকে গাইবান্ধা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব ইমরুল চৌধুরীকে জয়পুরহাটের ডিসি নিয়োগের আদেশ জারি হয়েছিল। ওই আদেশটি সোমবার বাতিল করা হয়েছে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে মুন্সিগঞ্জের আজিজুল আলমকে অর্থ বিভাগে, রাজবাড়ীর সৈয়দা সাহানা বারীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, নওগাঁর মুসাম্মাৎ নাজমানারা খানুমকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, হবিগঞ্জের মাহমুদ হাসানকে সড়ক বিভাগে ও ঝালকাঠির অশোক কুমার বিশ্বাসকে কৃষি মন্ত্রণালয়ে এবং মৌলভীবাজারের মোস্তাফিজুর রহমান ও বাগেরহাটের আকরাম হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৫০ ঘ.
bdnews24