টাঙ্গাইল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) টাঙ্গাইল জেলার ২৯ নভেম্বরের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
একটি মামলার পরিপ্রেক্ষিতে সোমবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ সহকারী জজ শাহাদত হোসেন এ আদেশ দেন।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও জেলা বিএমএ’র বর্তমান সভাপতি ডা. কামরুল ইসলাম খান ইউসুফজাই, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. মোখলেসুর রহমান ও ডা. ফরহাদ আলী বাদী হয়ে ১২ নভেম্বর এ মামলা করেন।
দ্বৈত ভোটারদে বাদ দিয়ে তালিকা সংশোধন ও পুনঃ তফসিলের আদেশ চেয়ে করা এ মামলায় বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি হয় বলে আইনজীবী জানান।
বাদীপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম বলেন, জেলা বিএমএ নির্বাচনে ভোটার তালিকায় ১৯ জন ভোটার রয়েছেন যারা টাঙ্গাইল ছাড়াও ঢাকা, ময়মনসিংহ ও বগুড়ায় ভোটার হয়েছেন। এদের অন্তত পাঁচজন টাঙ্গাইল বিএমএ নির্বাচনে প্রার্থী, যা বিএমএ’র গঠনতন্ত্র বিরোধী।
এ বিষয়ে জেলা বিএমএ’র বর্তমান সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ কায়সার বলেন, “আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭২০ ঘ.
bdnews24