সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উদ্ধারকারী গাড়ি লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।
সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়া তেলবাহী ওয়াগনটি বেলা আড়াইটার দিকে মোগলাবাজার ও মাইজগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সিলেট থেকে উদ্ধারকারী টুলভ্যান ও কুলাউড়া থেকে উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ওয়াগনটিকে সরিয়ে নেয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্টেশনে আটকে পড়া পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৭ ঘ.
bdnews24