২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহদ্দারহাটে ফ্লাইওভারের আরেকটি গার্ডার ঝূঁকিপূর্ণ

গার্ডারের নিচে একটি রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে ধসে পড়া ফ্লাইওভারের আরেকটি গার্ডার ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ ও ২১ নম্বর পিলারের একটি গার্ডার ঝুঁকিপূর্ণ রয়েছে। এজন্যে জনসাধারণকে ওই পথে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।” বন্দরনগরীর অন্যতম ব্যস্ত এলাকা বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে শনিবার সন্ধ্যায় তিনটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গার্ডারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিচের রাস্তার এক পাশে যান ও পথচারীদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্য পাশে যান চলছে। শনিবারের দুর্ঘটনাস্থল থেকে কাছেই নতুন চান্দগাঁও থানা থেকে ‘এক কিলোমিটার’ নামের এলাকা পর্যন্ত গার্ডারটি ঝূঁকিপূর্ণ। এখানেই গত জুন মাসে একটি গার্ডার ধসের পড়ে। তখন অবশ্য কোনো প্রাণহানি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমএইচসি/আরএ/এসইউ/১৫৪৬ ঘ.