ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তৈরি পোশাক শিল্পের ৪০ লাখ শ্রমিকের নিরাপত্তার জন্য আইনের প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সাভারের আশুলিয়ায় তাজরিন কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিকের প্রাণ হারানোয় শোক প্রকাশ করে রোববার এক মতবিনিময় বক্তব্যে সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।
কামাল হোসেন বলেন, “এ ধরনের দুর্ঘটনা রোধে আইন আছে, হয়ত কারখানার নোটিশ বোর্ডে টানানো আছে। শুধু টানালে হবে না। এগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, তাও দেখতে হবে।”
“শুধু আইন করে হবে না, এজন্য মানুষকে সচেতন হতে হবে। মালিককে হতে হবে, আমাদেরকে হতে হবে। শ্রমিক সংগঠনগুলোকে হতে হবে,” শ্রমিক নেতাদের সঙ্গে ওই সভায় বলেন তিনি।
গণফোরাম সভাপতি বলেন, “আগের দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ না হওয়াতেই এ ধরনের ঘটনা ঘটছে। এ জন্য সরকার, মালিকপক্ষ, শ্রমিক, এমনকি আমি নিজেও দায়ী।”
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে পোশাক শ্রমিকদের ৪০টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন গণফোরাম সভাপতি।
সভায় গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়কারী মাহাবুবুর রহমান ইসমাইল বলেন, দেশে পোশাক শিল্পে এ পর্যন্ত ৮০টি অগ্নিকাণ্ড ও পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় গত ১৫ বছরের নিহত হয়েছে দেড় হাজারেরও বেশি শ্রমিক, আহত হয়েছে ১০ হাজারের ওপর।
“কিন্তু এর একটি ঘটনাতেও মালিকপক্ষের কোনো সাজা হয়নি। তা হলে এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটত না,” বলেন তিনি।
সভার শুরুতে নিহত পোশাক শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24