উত্তম সেনগুপ্ত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে বসা অস্থায়ী বাজারে কেনাকাটা করতে লাশ হলেন প্রৌঢ় মো. ইলিয়াস। এই বাজারেই চা বিক্রি করা মো. সিরাজও ছোট মেয়ে আর স্ত্রীকে দিয়ে বাসায় বাজার পাঠিয়ে দিয়েছিলেন, যার খানিকবাদেই তার মাথায় ভেঙে পড়ে গার্ডার।
স্থানীয়রা বলছেন, তরকারি ব্যবসায়ীরা প্রতিদিন এর নিচে বসে বেচাকেনা করতেন। আশপাশের অনেকেই আসেন এখানে কেনাকাটা করতে।
আশুরার জন্য কেনাকাটা করতে বেরিয়েছিলেন ‘ইয়াসিন আলী বাড়ি’ এলাকার বাসিন্দা মো. ইলিয়াসও (৫৫)। দুর্ঘটনার পর বাসায় আর না ফেরায় ঘটনাস্থলে বাবাকে খুঁজতে আসেন আরিফুল ইসলাম ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাতে মর্গে গিয়েও বাবার লাশ পাননি।
সকালে উদ্ধারকারী দল যখন ধ্বংসস্তুপ সরাচ্ছিল অপেক্ষায় ছিলেন ফারুক। পরে খোঁজ মেলে তার বাবার লাশ।
ফ্লাইওভারের নিচে বাজারে বেশ ক্রেতা-বিক্রেকার ভিড় হয় বলে রিকশভ্যানে করে ছোট মেয়ে সীমাকে (৮) নিয়ে চা বিক্রি করতেন মো. সিরাজ (৪০)। বাজার করেছিলেন তিনিও।
তার স্ত্রী সাহারা দোকান থেকে মেয়ে সীমা ও বাজারের ব্যাগ নিয়ে বাসায় ফিরেই শোনেন দুর্ঘটনার খবর। সকালে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় সিরাজের মৃতদেহ।
চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়া কংক্রিট কাঠামোর নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরো কয়েকটি লাশ। রোববার সকাল পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১১০৬ ঘ.
bdnews24