বেনাপোল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অবস্থানের দায়ে ভারতে নয় মাস কারাভোগের পর দেশে ফিরে এসেছে দুই কিশোর।
শনিবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এরা হলো- ফরিদপুর জেলার সোলনা বোয়ালমারী এলাকার মোহাম্মদ শেখের ছেলে স্বাধীন শেখ (১৪) ও শরিয়তপুর জেলার কৈকাটি গ্রামের ছাত্তার মৃধার ছেলে নাসির মৃধা (১৪)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালের ফাঁদে পড়ে ৯ মাস আগে ওই দুই কিশোর ভারতে যায়। অবৈধভাবে বসবাসের কারণে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
‘দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাভেল পারমিট নিয়ে কিশোররা দেশে ফেরার অনুমতি পায়।’
এসময় আদালতের অনুমতি নিয়ে দিল্লির ‘ছালাম বালক শিশু সংশোধন কেন্দ্র’ দুই কিশোরকে নিজেদের আশ্রয়ে নেয় বলেও জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২২৪০ ঘ.
bdnews24