ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা তোজাম্মেল আলী (৭৬) শনিবার বিকেলে মারা গেছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৩টায় তিনি মারা যান।
তার ভাই মতলুব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও পার্কিনসন্স রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তোজাম্মেল আলী ১৯৭২ সালে তিনি দৈনিক সংবাদে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি সংবাদ ছাড়াও বাংলার বাণী ও জনতার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক জনতার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি।
রংপুরে জন্ম নেয়া সাংবাদিক তোজাম্মেল আলী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় ১৯৫৫ সালে কারাবরণ করেন। ’৭১ সালে কুচবিহারের আটিবাড়ি ক্যাম্পে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নেন। পরে তিনি যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ছাড়াও রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম শোক প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৪৩ ঘ.
bdnews24