চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একশ’ চোরাই মোবাইল ফোন সেটসহ শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
তারা হলেন- মো. শফিউল আজম ও মো. নাছির উদ্দিন।
সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের প্রবেশ মুখে নেভাল একাডেমী রোড থেকে তাদের গ্রেপ্তার ও মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে নকিয়া কোম্পানির বিভিন্ন মডেলের ৮৬ টি, সনি অ্যারিকসনের বিভিন্ন মডেলের ১০টি এবং স্যামসাং গ্যালাক্সী মডেলের ৪টি ফোন সেট জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার ও পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/ইউএস/এইচএ/১৮৫৩ ঘ.
bdnews24