২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকারের স্থান বাংলাদেশে নেই: মুহিত

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অংশ হিসাবে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে জানিয়ে এ কথা বলেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

সিলেট, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অংশ হিসাবে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে রাজাকার, আলবদরের কোনো স্থান নেই। শুক্রবার সন্ধ্যায় সিলেট শহরতলীর শাহপরাণ এলাকায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “সন্ত্রাস দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জঙ্গিবাদ দমনে সরকার সফল হয়েছে। এর অংশ হিসেবে মানবতা বিরোধীদের বিচারের আওতায় আনা হয়েছে। কয়েকমাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের ফলাফল পাওয়া যাবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, চিকিৎসা সেবাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার ১২ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক করেছে। তিনি বলেন, ২০০১ সালে বিগত সরকার এ ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। সরকার ক্লিনিকগুলোর কার্যক্রম চালু করায় গত চার বছরে এসব ক্লিনিক থেকে ১২ কোটি লোক চিকিৎসা নিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীলীগের সভপতি আব্দুজ জহিন সুফিয়ান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। পরে রাতে সিলেটের শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন করেন তারা। এ সময় এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, সরকার ইউএন কনভেশনকে প্রমাণ করতে পেরেছে যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অর্থ পাচারের কারণে বাংলাদেশের ক্ষতি হয়েছে, সে কারণেই সেই অর্থ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত এসেছে। বিদেশে পাচার করা অর্থ দুর্নীতি দমনের কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। সিলেট শামসুদ্দিন হাসপাতালে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে অর্থমন্ত্রী জানান, ডিসেম্বরের শেষের দিকে এর কাজ শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩৫৪ ঘ.