২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ভেঙে ঢাকা-বরিশাল যান চলাচল বিঘ্নিত

মাদারীপুরের ঘটকচরে বেইলি সেতুর পাত ভেঙে ঢাকা-বরিশাল সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুই দিকে কয়েকশ গাড়ির জট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

মাদারীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের ঘটকচরে বেইলি সেতুর পাত ভেঙে ঢাকা-বরিশাল সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুই দিকে কয়েকশ গাড়ির জট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা-বরিশাল পথের গাড়িগুলোকে পাচ্চর-শিবচর-কাজীরটেক সড়ক ব্যবহার করে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সওজের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যানবাহনের ভারে ঘটকচরের বেইলি সেতুর একটি পাত ভেঙে যায়। এরপরও সেতু দিয়ে কিছু হালকা যানবাহন চললেও বেলা ১২টার পর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। “সেতুটি সংস্কারে দীর্ঘ সময় লাগবে। এ কারণে বিকল্প রুট হিসেবে পাচ্চর-শিবচর-কাজীরটেক সড়ক ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানিয়েছি আমরা।” ক্রেন এলে বেলা ২টার পর সেতুর সংস্কার কাজ শুরু করা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রকৌশলী মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “সংস্কার শেষ করে আজ আর এই সেতু সচল করা সম্ভব হবে না। আর আগ পর্যন্ত পাচ্চর-শিবচর সড়ক হয়ে কাজীরটেক ফেরি ঘাট ব্যবহার করেই বরিশাল-ঢাকা রুটে চলাচল করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৩৩৫ ঘ.