গাজীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার নবীনগর-কালিয়াকৈর সড়কের চক্রবর্তী এলাকায় নিহত হন আনোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী হ্যাপী (২০)।
নিহত আনোয়ার ঢাকার আশুলিয়ার মো. ইউনুস মিয়ার ছেলে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ার তার স্ত্রীসহ মোটর সাইকেল যোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মটরসাইকেলে দুই আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল ৫টার তাদের মৃত্যু হয়।
লাশ দুইটি সাভার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ গাড়ি দু’টি আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২৩২৬ ঘ.
bdnews24