২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণআমীর-জুয়েলকে গ্রেপ্তারে হাই কোর্টের রুল

কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগকে অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. আমীর ও জুয়েলকে গ্রেপ্তারে কেন নির্দেশ দেয়া হবে না- প্রশাসনের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগকে অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. আমীর ও জুয়েলকে গ্রেপ্তারে কেন নির্দেশ দেয়া হবে না- প্রশাসনের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা সম্পুরক আবেদনের শুনানি করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার এই রুল জারি করে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক, ঢাকার পুলিশ সুপার, কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালককে এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আবেদনকারী ইউনুস আলী আকন্দ আদালতে বলেন, পরাগকে অপহরণের মামলার প্রধান আসামি এখানো গ্রেপ্তার হয়নি। যে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা জবানবন্দিতে আমীরের নাম বললেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। “তাই ন্যায় বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তারে আদালতের আদেশ প্রয়োজন।” আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ১১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যা এলাকায় প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তার মা লিপি রানী মণ্ডল (৩৫), বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তারা। ওই রাতেই পরাগের দাদি সাবিত্রী মণডল একটি মামলা করেন। অপহরণের তিনদিন পর আঁটি বাজারে নয়াবাজার এলাকার রাস্তার পাশে পাওয়া যায় প্রায় অচেতন পরাগকে। চিকিৎসা শেষে বুধবার তাকে হাসপাতাল থেতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরাগকে উদ্ধারের পরদিন এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে একজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর র‌্যাব একই দিনে জাহিদুল হাসান, আলী ওরফে রিফাত, কালা চাঁন, আলফাজ, রিজভী আহমেদ অনিক ও আবুল কাশেম নামে ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকার জুরাইন থেকে। এদের মধ্যে জাহিদুল, কালা চাঁন ও আলী ওরফে রিফাত অপহরণের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। তাদের তিনজনের বক্তব্যেই অপহরণের পরিকল্পনার ‘মূল হোতা’ হিসাবে আমীরের নাম এসেছে। র‌্যাব বলে আসছে, পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডল ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছড়িয়ে এনেছেন তার ছেলেকে। তবে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মুক্তিপণ দেয়ার বিষয়টি সঠিক নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩২০ ঘ.