ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার এক ব্যবসায়ী দেড় লাখ টাকা নিয়ে ধোলাইখালের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ বলে দাবি করেছে তার পরিবার।
সেলিম বেপারী (৫০) নামে ওই ব্যবসায়ী মঙ্গলবার আশুলিয়া থেকে ধোলাইখালের উদ্দেশে রওনা হন। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছেন তার ছেলে ঢাকা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সজল বেপারী।
সজল বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বাবা গাড়ির যন্ত্রাংশ কিনতে বাড়ি থেকে মঙ্গলবার ধোলাইখাল রওনা হয়।
“ওই দিন সন্ধ্যা থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। আজ (বুধবার) সকালে একবার ফোনটি খোলা পাওয়া গেলেও অপরপ্রাপ্ত থেকে অপরিচিত একজন জানায়, তিনি ফোনটি কুড়িয়ে পেয়েছেন।”
সেলিম বেপারীর বাড়ি আশুলিয়া থানার পাড়াগ্রামে। তিনি ইটভাটার মালিক, এছাড়াও তার অন্য ব্যবসা রয়েছে।
সজল জানান, নিখোঁজের ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
এলাকায় কোনো ধরনের শত্রুতা রয়েছে কি না- জানতে চাইলে সজল বলেন, এলাকায় তাদের কোনো শত্রু নেই।
তিনি জানান, তার বাবা কোনো আত্মীয়-স্বজনের বাড়িতেও যাননি বলে তারা খোঁজ নিয়ে জেনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০১১০ ঘ.
bdnews24