ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ২ লাখ ১৪ হাজার ৩১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। বহিষ্কার হয়েছে ১২ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।
বুধবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত বিষয়ের পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।
এদিন প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৬০ হাজার ৯৭৩ জন এবং ইবতেদায়ীতে ৫৩ হাজার ৫৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
আর প্রাথমিক সমাপনীতে নকল করতে গিয়ে ধরা পড়ে রাজশাহী বিভাগে সাত জন এবং ঢাকা বিভাগে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে ইবতেদায়ী সমাপনীতে রংপুর ও ঢাকা বিভাগে দুই জন করে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
দেশের ছয় হাজার ৩৭২টি কেন্দ্রে এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
গণিত পরীক্ষায় প্রাথমিক সমাপনীতে ৯৪ শতাংশ এবং ইবেতেদায়ীতে ৮৪ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।
এ বছর প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৪১ হাজার ৭৬ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ২৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৪৩৫ জন বেশি।
দেশের বাইরে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, কাতার, আবুধাবি, ত্রিপলি ও ওমান কেন্দ্রে এবার ৭১৮ জন এ পরীক্ষা দিচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাচ্ছে।
এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর এক উপজেলা/থানার উত্তরপত্র অন্য উপজেলা/থানায় মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১১৮ ঘ.
bdnews24