ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার চালানোর পরিবর্তে আমূল বদলে দেয়ার পক্ষপাতি আকবর আলি খান। দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রেও একই মত তার।
বুধবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে আকবর আলি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “যেসব প্রতিষ্ঠানে দুর্নীতির মাত্রা খুব বেশি, শুধু সংস্কার করে সেগুলো পরিবর্তন করা সম্ভব নয়।
“আমরা যদি আশা করি, যে প্রতিষ্ঠানের শতকরা ৯০/৯৫ ভাগ লোক দুর্নীতি করে, সেইসব প্রতিষ্ঠাগুলোতে শুধু প্রশিক্ষণ দিয়ে কিংবা বেতন বাড়িয়ে সংস্কার করা যাবে না।”
“হয় নতুন রূপ দিয়ে ওই প্রতিষ্ঠানগুলো গড়তে হবে; অথবা নতুন প্রতিষ্ঠান গড়তে হবে, করে মূল দায়িত্বগুলো সেই জায়গায় নিয়ে যেতে হবে।”
এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে নজির হিসেবে দেখান বিলুপ্ত রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আকবর আলি।
তিনি বলেন, “যখন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা হয়; তখন সরকার সিদ্ধান্ত নিয়েছিল, সমস্ত নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হবে। ডোনাররাও এটা বলেছিল। কারণ এখানে আগের যারা আছে, তাদের দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব হবে না। সেটা কিন্তু করা সম্ভব হয়নি।”
দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই কথা বললেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি।
দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হয়। ব্যুরোর অনেক কর্মকর্তাকে তখন কমিশনে নেয়া হয়েছিল।
বুধবার ব্র্যাক সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ এর ‘দ্যা স্টেট অব গভর্নেন্স ইন বাংলাদেশ ২০১০-১১ : পলিসি, ইনফ্লুয়েন্স, ওনারশিপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন আকবর আলি।
বৈদেশিক সাহায্যের বিষয়ে তিনি বলেন, “আমাদের দেশে যেমন বলা হয়, বৈদেশিক সাহায্য ভুলে যাওয়ার সময় এখন আসছে। চীন ও ভারত কিন্তু এই ধরনের বক্তব্য রাখে না। অথচ তাদের অবস্থা আমাদের চেয়ে অনেক ভাল। বৈদেশিক মুদ্রার রিজার্ভও অনেক ভালো।”
শুধু ‘ভাবাবেগের’ দিক থেকে নীতি প্রণয়ন না করে ‘বাস্তবতার’ নিরিখে তা করা উচিত বলে মন্তব্য করেন সাবেক এই সচিব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২০০৫ ঘ.
bdnews24