শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বরে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার পর দুপুরে ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করেছে।
এদিকে ছাত্রদল তাদের শোভাযাত্রায় হামলাকারীদের শাস্তি দাবি করেছে।
বুধবার সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রদল ক্যাম্পাসে শোভাযাত্রা বের করলে ছাত্রলীগ হামলা চালায়।
এ সময় দু’পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ছাত্রদলকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাংচুর করেছে। আহত হন বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারী।
সকালের ঘটনার জেরে দুপুর ১২টায় ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক শামছুজ্জামান চৌধুরী সুমন বলেন, ভর্তি পরীক্ষার আগে ছাত্রদল ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের এ অপচেষ্টা প্রতিহত করা হবে।
ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় বাসে হামলার জন্য সংগঠনটির নেতাকর্মীদের বিচার দাবি করেন তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নাঈম হাসান, শাবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এদিকে শোভাযাত্রায় হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়ার দাবি জানায় ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোভাযাত্রায় হামলাকারীদের বিরুদ্ধে ২৩ নভেম্বরের মধ্যে ব্যবস্থা না নিলে ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার মতো কর্মসূচি দেয়া হবে।
শোভাযাত্রায় ছাত্রলীগের হামলায় তাদের ৭/৮ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এদিকে হামলার পর সাময়িক বন্ধ থেকে নগরী থেকে বিশ্ববিদ্যালয়গামী বাস দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় চলাচল শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনা ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না।
বাসে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭০৮ ঘ.
bdnews24