নোয়াখালী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করে জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমিরসহ ৩০জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে একটি আদালত।
বুধবার দুপুরে পুলিশের উপর হামলা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জাকির হাসান এ আদেশ দেন।
সুধারাম ও সেনবাগ থানার এসআই বাদল মিয়া জানান, আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত ৫ ও ৬ নভেম্বর জেলা শহর মাইজদীতে জামায়াত-শিবির কর্মীরা সুধারাম থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত), দুই এসআই ও দুই পুলিশ সদস্যসহ ১১ জনকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় জামায়াতের জেলা আমির আবদুল মুনায়েমসহ জামায়াত-শিবিরের ৫০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তােেদর বিরুদ্ধে সুধারাম ও সেনবাগ থানায় পুলিশের উপর হামলা, হত্যা চেষ্টা ও দ্রুত বিচার আইনে ৩টি মামলা হয়।
একই মামলার ৫০ আসামির জামিন আবেদনও এ আদালত না মঞ্জুর করে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪১ ঘ.
bdnews24