ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে এতদিন না হলেও এবার থেকে ২১ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বুধবার মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
মৎস্য অধিদপ্তরের ‘ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি রিহ্যাবিলিটেশন প্রজেক্ট (ডব্লিউবিআরপি)-এর প্রকল্প পরিচালক আবুল হাশেম সুমন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাছের উৎপাদন এবং আহরণ স্থিতিশীল রেখে মজুদ সমৃদ্ধ করতে প্রতি বছর ২১ নভেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব মৎস্য দিবস’ পালন করা হয়।
“এতদিন ধরে বাংলাদেশে এ দিবস পালন করা হয়নি। এবার বাংলাদেশেও ‘বিশ্ব মৎস্য দিবস’ পালন করা হচ্ছে,” বলেন তিনি।
জার্মান সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ডব্লিউবিআরপি’ প্রকল্পের সহায়তায় প্রথমবারের মতো এ দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আবুল হাশেম।
তিনি জানান, মুক্ত ও বদ্ধ জলাশয় মিলিয়ে বাংলাদেশের প্রায় ৪৭ লাখ ৩ হাজার ৬৫৮ হেক্টর অভ্যন্তরীণ জলাশয়ে গত ২০১০-১১ অর্থবছরে মোট ২৫ লাখ ১৫ হাজার ৩৫৪ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে।
এছাড়া দেশের নিজস্ব সমুদ্রসীমায় একই বছর মাছের উৎপাদন ৫ লাখ ৪৬ হাজার ৩৩৩ মেট্রিক টন বলে আবুল হাশেম জানান।
এত উৎপাদন হলেও আমিষের চাহিদা পূরণ করতে প্রতি বছরই বাংলাদেশে মাছের ঘাটতি থাকছে।
আবুল হাশেম বলেন, দেশের এক-তৃতীয়াংশ জলাশয়ে মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক কারণে মাছের উৎপাদন কমে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২৪৪ ঘ.
bdnews24