ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারো প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বাধ্যবাধকতার বিধান রেখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার জারিকৃত এ নীতিমালায় বলা হয়ছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে লটারি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের পাশাপাশি অপেক্ষমান তালিকা প্রস্তুত করতে হবে। নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
গত বছর প্রথমবারের মত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করতে হবে। আর জেএসসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ কোটা রাখা হয়েছে।
এবার ভর্তি পরীক্ষার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে একশ’ টাকা। তবে সেশন ফিসহ ভর্তি ফি সাতশ’ টাকার বেশি নেয়া যাবে না বলে নীতিমালায় বলা রয়েছে।
ভর্তি ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ৫০ শতাংশ ভর্তি পরীক্ষার খরচ বাবদ ব্যয় হবে। বাকী ৫০ শতাংশ অর্থ ভর্তি কমিটির কাছে জমা দিতে হবে।
ঢাকা মহানগরী এলাকায় শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি করা হবে।
এছাড়া নীতিমালা অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে আট সদস্যের এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১১৮ ঘ.
bdnews24