২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ডিসেম্বর থেকে নয়া সূচিতে ফ্লাইট ওঠানামা

রানওয়ে মেরামতের জন্য পহেলা ডিসেম্বর থেকে ছয় মাস প্রতিদিন নয় ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে হযরত শাহাজালাল বিমানবন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রানওয়ে মেরামতের জন্য পহেলা ডিসেম্বর থেকে ছয় মাস প্রতিদিন নয় ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে হযরত শাহাজালাল বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার এস এম নাজমুল আনাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “নভেম্বর মাস থেকে রানওয়ে মেরামতের কাজ শুরু হওয়ার কথা থাকলেও হজ যাত্রীদের দুর্ভোগ এড়াতে তা এক মাস পেছানো হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী কাজ শুরু হবে পহেলা ডিসেম্বর থেকে এবং চলবে ৩০ মে পর্যন্ত। সংস্কারকাজ চলাকালীন প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহাজালালে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে।” তবে সংস্কারকাজ পাঁচ মাসের মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। নাজমুল আনাম বলেন, “প্রতিদিন পনেরো ঘণ্টা বিমান ওঠানামার জন্য বরাদ্দ থাকলেও কুয়াশা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ থেকে ১২ ঘণ্টা উড়োজাহাজ ওঠা নামা করার সুযোগ পাবে।” বেবিচকের এ সিদ্ধান্ত ইতোমধ্যে সব বিমানসংস্থাকে জানিয়ে দেয়া হয়েছে। এদিকে ডেনমার্কের সঙ্গে করা বেচিকের চুক্তি অনুযায়ী শাহাজালার বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শুরু হচ্ছে আগামী বছরের মধ্য জানুয়ারি থেকে। বিমানবন্দরের ট্যাক্সিওয়ে মানোন্নয়নের এই কাজ চলবে প্রায় আড়াই বছর। ডেনমার্ক সরকারের আর্থিক সহযোগিতায় ৫৩০ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ‘ইকাও’ মানদ-ে শাহাজালাল বিমান বন্দরের অবস্থান ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-২ এ উন্নীত হবে। শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় ৪২টি যাত্রীবাহী ও ৩টি কার্গো উড়োজাহাজ ওঠানামা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১০৪ ঘ.