ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় এক যুবক ও তরুণী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পশ্চিম পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে যুবকের বয়স আনুমানিক ৩৫ হবে বলে জানিয়েছে পুলিশ। তার পরনে জিন্স প্যান্ট ও কলো রঙের শার্ট ছিল। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তার নাম আবদুর রহমান, বাড়ি কুমিল্লার হোমনায়।
তবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে সালোয়ার-কামিজ পরা ওই তরুণীর বয়স ২৫ বছরের মতো হবে।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় শিকড় পরিবহনের বাসের চাপায় তারা গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৫ ঘ.
bdnews24