নরসিংদী, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে বাসচাপায় কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সদর উপজেলার ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ ছাত্রকে আটক করেছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নরসিংদী সরকারি কলেজের প্রাণিবিদ্যা চতুর্থ বর্ষের সজিব বিশ্বাস সোমবার শিবপুর উপজেলার সৃষ্টিঘরে বাসচাপায় গুরুতর আহত হন। রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সজিবের মৃত্যুর খবর সকালে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ও গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০০ ঘ.
bdnews24