২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনের লাশ পেল না কোনো স্ত্রী

প্রায় তিন বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা কলেজ শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীর লাশ গবেষণার কাজেই ব্যবহারের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা কলেজ শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীর লাশ গবেষণার কাজেই ব্যবহারের আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সহিদুল ইসলাম এ আদেশ দেন। দুই ধর্মের দুই স্ত্রীর দাবির কারণে চন্দনের লাশের সৎকার কীভাবে হবে- সে বিষয়ে সিদ্ধান্ত পেতে আড়াই বছরেরও বেশি সময় ধরে ঢাকার বিভিন্ন আদালতে শুনানি চলে। দ্বিতীয় দফা মামলার শুনানি শেষে বিচারক সহিদুল ইসলাম এর আগে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের দেয়া আদেশই বহাল রাখেন। তবে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন চন্দনের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার পলির আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া। আদালতের আদেশের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। অবশ্য চন্দনের আরেক স্ত্রী তিথী চক্রবর্তীর আইনজীবী সুলতান উদ্দিন বলেন, “চন্দনের নামে মানিকগঞ্জ ও ঢাকায় সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি দখলের জন্যই পলির আবির্ভাব। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কোথাও চন্দনের নাম কখনো সাজ্জাদ হোসেন লেখা হয়নি। আমরা আদালতে তা উপস্থাপন করেছিলাম।” ২০০৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকায় রাস্তায় খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার চক্রবর্তী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এরপর তার স্ত্রী পরিচয় দিয়ে পলি পুলিশের কাছে বলেন, চন্দন ইসলাম ধর্ম গ্রহণ করে সাজ্জাদ হোসেন নাম নিয়েছিলেন। এ কারণে স্ত্রী হিসাবে তিনি তাকে ইসলামী রীতিতে দাফন করতে চান। কিন্তু চন্দনের পরিবারের পক্ষ থেকে লাশ দাবি করে বলা হয়, তার প্রথম স্ত্রী তিথী কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তিনি ফিরলে হিন্দু রীতিতেই চন্দনের শেষকৃত্য হবে। কয়েকদিন পর দেশে ফিরে তিথিও একই দাবি করেন। পুলিশ নথিপত্র পরীক্ষা করে দুজনের কথারই সত্যতা পেলে বিষয়টি আদালতে গড়ায়। দেশজুড়ে ওঠে আলোচনার ঝড়। দুই স্ত্রীর দাবির মধ্যে লাশ পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তিথী তার আইনজীবীর মাধ্যমে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বামীর লাশ পাওয়ার আবেদন করলে হাকিম এ কে এম এনামুল হক কয়েক দফা শুনানির পর চন্দনের কথিত দ্বিতীয় বিয়ের কাজী এবং বিয়ের হলফনামা সম্পাদনকারী নোটারি পাবলিকের বক্তব্য গ্রহণ করেন। তিথীর দাবি ছিল, ১৯৮৬ সালের ১২ জুলাই তাদের বিয়ে হয়। চন্দনের ধর্মান্তরিত হওয়া ও দ্বিতীয় বিয়ের ঘটনা সাজানো। অন্যদিকে পলি আদালতে বলেন, “চন্দন আমার শিক্ষক ছিলেন। তিনি ভালবেসে ইসলাম ধর্ম গ্রহণ করে সাজ্জাদ হোসেন নাম নিয়ে শরীয়ত মেনে আমাকে বিয়ে করেছেন। তাই লাশ দাফনের অধিকার আমার।” ২০১০ সালের ২৬ জানুয়ারি অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন দাবিদার দুই স্ত্রীর কাউকে লাশ না দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের গবেষণার কাজে তা ব্যবহারের আদেশ দেন। এ আদেশ পুনর্বিবেচনার জন্য তিথী ও পলি আলাদাভাবে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমকেই বিষয়টি নিষ্পত্তির আদেশ দেয়া হয়। এরপর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসাইন ঘটনাটির ওপর বিচার বিভাগীয় তদন্ত করেন। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে গবেষণার কাজেই চন্দনের লাশ ব্যবহারের আদেশ দেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১২৩০ ঘ.