২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সংঘর্ষে আহত দুই ছাত্রদল কর্মীর মৃত্যু

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদলের দুই কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 05:57 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

রাঙামাটি, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদলের দুই কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি চিংখই অং মারমা (২৩) মঙ্গলবার সন্ধ্যায় এবং ওয়ার্ড ছাত্রদলের কর্মী পাইচা খই মারমা (২১) রাত ১১টার দিকে মারা যান বলে খবর পেয়েছেন তারা। ওসি জানান, গত রোববার রাতে বেতবুনিয়া ইউনিয়নের মনাই পাড়া এলাকায় মদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে গুরুতর আহত অবস্থায় চিংখই মারমা ও পাইচা খই মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। “লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যপারে এখনো কোনো মামলা হয়নি।” পুলিশ মদ খাওয়া নিয়ে সংঘর্ষের কথা বললেও কাউখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন অভিযোগ করেছেন, ছাত্রলীগের কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ছাত্রদলের ওই দুই কর্মীকে আহত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৫০ ঘ.