ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলবের ক্ষমতা দিয়ে এই সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপিত হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল সংসদে উত্থাপন করেন।
উত্থাপন শেষে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বর্তমানে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক, দুর্নীতি দমন কমিশন এবং আদালতের রয়েছে।
এই আইন সংশোধন হলে এসইসিও কেন্দ্রীয় ব্যাংককে জানিয়ে যে কোনো ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কর্তৃপক্ষ থেকে সিকিউরিটিজ লেনদেন-সম্পর্কিত তদন্তাধীন ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য ও নথি তলব করতে পারবে।
বিলে এসইসির নাম বদলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব বাংলাদেশ (এসইসিবি) করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী কমিশনের সদস্যরা কমিশনার হিসেবে বিবেচিত হবেন। চেয়ারম্যান ও সদস্যরা বর্তমানে তিন বছরের জন্য নিয়োগ পেলেও প্রস্তাবিত আইনে তা চার বছর করা হয়েছে।
বিলের ১৪ দফায় বলা হয়েছে, কমিশন যে অঙ্কের টাকা জরিমানা করবে, তার ১৫ শতাংশ কমিশনের তহবিলে জমা না দিয়ে কমিশনের জরিমানা আদেশের রিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিলের পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) বিলও সোমবার সংসদে উত্থাপিত হয়। এটিও সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
এসইসির ক্ষমতা বাড়াতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কমিশনের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, কমিশনার, কর্মকর্তা ও কর্মচারীরা কমিশনের অনুমতি ছাড়া কোনো গোপনীয় তথ্য প্রকাশ করতে পারবে না।
আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২১৪৬ ঘ.
bdnews24