২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগের আগুনে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবার

হাজারীবাগের বৌবাজার বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৯০০ বলে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজারীবাগের বৌবাজার বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৯০০ বলে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানিয়েছেন। রোববার ভোররাতে লাগা এই আগুনে পুড়ে বস্তির ১১ বাসিন্দা মারা যান। প্রথমে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা কয়েক হাজার বলা হলেও তথ্য যাচাই-বাছাই করে ৯০০ জনের তালিকা হয়েছে বলে জেলা প্রশাসক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ৫ হাজার টাকা, দুটি কম্বল, একটি শাড়ি, একটি থ্রি পিস ও প্লেট-মগ দেয়া হয়েছে। জেলা প্রশাসক বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার দুপুরে ও রাতে এবং সোমবার সকাল ও দুপুরে খাবার সরবরাহ করা হয়।” অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগদ এক কোটি টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেয়া হবে কি না- জানতে চাইলে শেখ ইউসুফ বলেন, “আমাদের কাছে বর্তমানে টিন নেই। স্থানীয় সংসদ সদস্য বিষয়টি আমাদেরকে লিখিতভাবে জানালে মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চাইব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৯৩০ ঘ.