২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে নকল সার কারখানা, গ্রেপ্তার ১০

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলের ভেতর একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ওই কারখানায় কর্মরত ১০ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নীলফামারী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলের ভেতর একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ওই কারখানায় কর্মরত ১০ শ্রমিককে গ্রেপ্তার করা হয়। রোববার গভীর রাতে মিলের ভেতর পরিত্যক্ত স্কুল ঘরের একটি কক্ষে এ অভিযানে বিভিন্ন ধরনের রাসায়নিক ও মালামালও উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলার ইসমাইল হোসেন (২৫), নীলফামারীর সৈয়দপুরের মোকছেদ আলী (৪৫), নীলফামারী সদরের তাহেরা বেগম (৩৫), সুটিপাড়ার তহমিনা বেগম (৩৫), একই গ্রামের শিউলি বেগম (২৫), খ্নাসামা মুন্সিপাড়ার আলেমা খাতুন (৪০), চড়াইখোলার কবিরাজপাড়ার রায়হানা বেগম (৩৫), কুন্দুপুকুর বকসীপাড়ার আবেদা খাতুন (৩৫), আবিয়া খাতুন (৪০) ও কুন্দুপুকুর সুটিপাড়ার শাহনাজ পারভীন (৩০)। উদ্ধার করা হয়েছে বেশকিছু ম্যাগনেসিয়াম সালফেট, ডলোমাইট চুন, জিপসাম ও জিংক সালফেট মনোহাইড্রেড, জিপসাম গ্রিনল্যান্ড দুই কেজির ছয়শ’ প্যাকেট, এক হাজার ৫৮০টি খালি প্যাকেট, ম্যাগনেসিয়াম সালফেট দু’শ কেজি, প্যাকিং মেশিন দু’টি, ওজন মেশিন চারটি এবং কিছু প্লাস্টিকের বস্তা। নীলফামারী সদর থানার ওসি আক্কাস আলী বলেন, ঢাকার পুরানা পল্টন এলাকার বিডিটুএম ইমপ্রেস নামক একটি প্রতিষ্ঠান দারোয়ানী টেক্সটাইল মিলের পরিত্যক্ত স্কুল ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে বিডিটুএম ব্রান্ডের বিভিন্ন সার প্যাকেট করে বাজারজাত করছিল। তবে প্যাকেটের গায়ে যেসব উপাদানের কথা লেখা রয়েছে সারের মধ্যে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওসি বলেন, প্রতিষ্ঠানটি নকল সার তৈরি ও বাজারজাত করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে। এছাড়া এসব সার জমিতে প্রয়োগ করলে জমির উর্বরতা শক্তিও নষ্ট হয়। এ ঘটনায় সদর উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সায়েরা বানু বাদী হয়ে একটি মামলা করেছেন বলে ওসি জানান। দারোয়ানী টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবু হানিফ বলেন, চলতি বছরের জুলাই মাসে বিডিটুএম ইসপ্রেস মিলের স্কুলঘর ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের সার প্যাকেট করে বাজারজাত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭২৩ ঘ.