ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে গত এক বছরে শিশু অধিকারের বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩২ জন সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা এবং লেখককে ‘মীনা অ্যাওয়ার্ড ২০১২’ প্রদান করেছে ইউনিসেফ।
বাংলাদেশে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘মীনা’র নামানুসারে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
মীনা বিশেষ একজন কন্যাশিশুর প্রতিনিধিত্বকারী, যার গল্পগুলো তার নিজ সমাজসহ গোটা দক্ষিণ এশিয়াজুড়ে শিশুদের অধিকারের কথা বলে।
রোববার বিকালে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং অন্য অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ এবং ইউনিসেফের শিশু অধিকার বিষয়ক অ্যাডভোকেট জাদুকর জুয়েল আইচ।
এবারের অষ্টম মীনা অ্যাওয়ার্ডে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মাধ্যমের প্রায় পাঁচশর বেশি প্রতিযোগী অংশ নেন। সৃজনশীলতা এবং সাংবাদিকতা- এই দুই বিভাগে প্রিন্ট, টেলিভিশন এবং রেডিও মাধ্যমে বয়সভিত্তিক কাজ আহ্বান করা হয়।
এভাবে প্রতি বিভাগ থেকে ১২ জন করে প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের মধ্য থেকে রোববার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বয়সভিত্তিক প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার হিসাবে যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার, একটি করে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
সৃজনশীল লেখক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, অডিও-ভিজ্যুয়াল বিশেষজ্ঞ ও শিক্ষাবিদের সমন্বয়ে আট সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলে ছিলেন সেলিনা হোসেন, শামীম রেজা, শাহনুর ওয়াহিদ, ফরিদ হোসেন, রুবাইয়াৎ ফেরদৌস, শামিম শাহেদ, রতন পাল এবং কাদির কল্লোল।
অনুষ্ঠনের শুরুতে বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ পুরস্কারের জন্য মনোনীতদের উদ্দেশ্যে বলেন, “শিশুদের স্বার্থে বিভিন্ন প্রতিবেদন, প্রবন্ধ, ফিচার এবং গল্প প্রকাশের মধ্য দিয়ে আপনারা সমাজে মতামত প্রদানের ক্ষেত্রে গুরুত্বহীন শিশুদের মতামতকে তুলে ধরেছেন। এটাই মীনা অ্যাওয়ার্ডের মূল তাৎপর্য।”
ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শিশুর অধিকার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আর শিশু অধিকার বিষয়ক কাজের ক্ষেত্রে এই পুরস্কার সাংবাদিকদের উৎসাহিত করবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে উপস্থিত শিশুদের ‘আপনি’ সম্বোধন করে তাদেরকে দেশের ‘হবু মালিক’ আখ্যায়িত করেন।
তিনি তাদের উদ্দেশে বলেন, “দেশপ্রেমের বিকল্প নাই। আপনি একজন ভাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারেন। কিন্তু মনে রাখবেন- দেশপ্রেম না থাকলে দেশ রসাতলে যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/০০২৩ ঘ.
bdnews24